জাতীয়

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ

ছবি: সংগৃহীত ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তার সময় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী আটটি জাহাজ।

রোববার (০৮ মার্চ) সকালে জাহাজগুলো বন্দরে এসে নোঙর করে। জানা গেছে, এসব জাহাজ ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আগেই পারস্য উপসাগরীয় দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১০টি জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে বন্দরে পৌঁছানো ও পথে থাকা জাহাজগুলোর চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রয়েছে। এছাড়া ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে এসেছে আরও চারটি জাহাজ। সব মিলিয়ে এই ১০টি জাহাজে প্রায় পৌনে চার লাখ টন তেল ও গ্যাস রয়েছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এতে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ঝুঁকির মুখে পড়ে।

হরমুজ প্রণালি ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব—এই সাত দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য পরিবহন হয়ে থাকে। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালির পাশের দেশ ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহন ঝুঁকির মধ্যে পড়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #যুদ্ধ #জাহাজ #জ্বালানি