বিদ্যুতের দাম আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (০৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল ১১টার দিকে একটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে এবং একই দিনে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।
এদিকে চট্টগ্রাম বন্দরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী আটটি জাহাজ পৌঁছেছে। পাশাপাশি তেলবাহী জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার আগেই হরমুজ প্রণালি অতিক্রম করা এসব জ্বালানিবাহী জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে নোঙর করেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, রোববার সকালে আটটি জ্বালানিবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে। তিনি জানান, জাহাজগুলো গেল ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।
উল্লেখ্য, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন তেল বিক্রিতে সীমা নির্ধারণ করে। সরকার বারবার জানাচ্ছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, তবে পরিস্থিতি নিয়ে জনমনে কিছু উদ্বেগ তৈরি হয়েছে।
এমএ//