জাতীয়

প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ বিপিসির

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি তেলের সরবরাহ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান প্রধান ডিপোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সোমবার (৯ মার্চ) এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে বিপিসি।

এতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বাড়তি চাহিদার কারণে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের ডিপো।

চিঠিতে বলা হয়,  দেশের জ্বালানি তেলের এসব ডিপো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইভুক্ত হওয়ায় এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই সম্ভাব্য যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব স্থাপনায় জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন

এ প্রেক্ষাপটে উল্লিখিত ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বিপিসি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিপিসি