মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরানের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমদানি-নির্ভর বাংলাদেশের জ্বালানি খাতে। গত ছয় মাসে, মার্চ থেকে আগস্ট পর্যন্ত, জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অতিরিক্ত ব্যয় হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এরপরও জনগণের কথা বিবেচনা করে সরকার এতদিন জ্বালানি তেলের দাম সহনীয় রাখার চেষ্টা করেছে। এতে বিপিসিকে গত প্রায় ছয় মাসে প্রায় ২৩ হাজার কোটি টাকা বাড়তি ব্যয় বহন করতে হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি জাহাজ ভাড়াও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ ছয় মাসে প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার ৮১৩ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে।
বিপিসি চেয়ারম্যান জানান, শুধু জ্বালানি তেলের দাম নয়, পরিবহন ও পণ্য ওঠানামার খরচও বেড়েছে। আগে যেখানে জাহাজ ভাড়া ছিল প্রতি ডলারে ৩ থেকে ৪ ডলার, বর্তমানে তা বেড়ে ১৫ থেকে ১৭ ডলারে দাঁড়িয়েছে। ফলে জাহাজ ভাড়ার ক্ষেত্রেই আগের তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি ব্যয় হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম সমন্বয় না করা হলে বিপিসিকে প্রতি মাসে গড়ে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে তেল আমদানির কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে বর্তমান দামের হিসাবে প্রতি লিটার ডিজেলে বিপিসির লোকসান প্রায় ৭০ টাকা। এতে প্রতিদিন শুধু ডিজেলেই লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১০৯ কোটি টাকা। এই হিসাবে বছরে ডিজেলে প্রায় ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত লোকসান হতে পারে।
বিপিসি চেয়ারম্যান বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা সমন্বয় করা হলে বছরে বিপিসির প্রায় ১০ হাজার কোটি টাকা লোকসান কমানো সম্ভব হবে।
এসি//