আন্তর্জাতিক

প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

চলমান মধ্যপ্রাচ্য সংঘাত কমাতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি আল-জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন, প্রতিবেশীদের ওপর ইরানের হামলা “কারও জন্যই কোনো সুফল বয়ে আনবে না।”

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রায় দুই সপ্তাহব্যাপী বিমান হামলার জবাবে ইরান উপসাগরীয় ও পার্শ্ববর্তী দেশগুলোতে, বিশেষত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি হচ্ছে এবং এ অঞ্চলের জ্বালানিনির্ভর অর্থনীতি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

আল-খুলাইফি বলেন, “বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, তা দুর্ভাগ্যজনক। আলোচনার টেবিলে ফিরে আসা ছাড়া টেকসই সমাধান নেই।”

তিনি কাতারের সার্বভৌমত্বের ওপর যে কোনো আক্রমণ “অযৌক্তিক ও জঘন্য” বলে উল্লেখ করে, আত্মরক্ষায় কাতার সম্ভাব্য সব আইনি পদক্ষেপ নেবে বলেও জানান।

হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বৈশ্বিক সমাধানের প্রয়োজনীয়তা উল্লেখ করে আল-খুলাইফি বলেন, “নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, “কাতার ও ওমানের মতো দেশগুলো এতদিন ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে ‘সেতুবন্ধন’ হিসেবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। কিন্তু হামলা অব্যাহত থাকলে আর সেই ভূমিকা রাখা সম্ভব হবে না। এটি ইরানকে বুঝতে হবে।”

 

এর আগে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি তেহরানের সঙ্গে ফোনালাপে প্রতিবেশীদের ওপর হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। আল-খুলাইফি বলেন, “আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়, কিন্তু ইরানিরা সেটি বুঝতে পারছেন না।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি #কাতার