ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু।
১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। তিনি তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
তারেক রহমান বলেন, তিনি দল-মত নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো বিরোধ থাকার কথা নয় এবং এ বিষয়ে সবার ঐক্য প্রয়োজন।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তিনি খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএ//