সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন কুড়িগ্রাম -২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও তাঁর গাড়িচালক আবুল কালাম আজাদ (৪০) ও ব্যক্তিগত সহকারী ইকরাম হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামে ফেরার পথে রংপুর মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর এমপি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে গুরুতর আহত গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীকে পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে রংপুর কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ট্রাকটি ঘটনাস্থলে রাখা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আই/এ