দেশজুড়ে

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিহত ২

চট্টগ্রাম নগরের টেরিবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে টেরিবাজারের বক্সির বিট এলাকায় অবস্থিত ১২ তলা অর্কিড প্লাজার চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের পর ভবনের ভেতরে জমে থাকা ধোঁয়ায় তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে দুজন মারা যান।

নিহতরা হলেন মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুনে চতুর্থ তলার টেইলারিং শপ ও কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, অর্কিড প্লাজার বিভিন্ন তলায় তৈরি পোশাক, কাপড় ও টেইলারিংয়ের দোকান রয়েছে। আগুন লাগার সময় পঞ্চম ও ষষ্ঠ তলা থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #আগুন