জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কোন রাজনৈতিক নেতা প্রভাব কাটিয়ে বা বিত্তশালী কোন লোক অবৈধভাবে মসজিদ, মন্দির বা কোন উপাসনালয়ের জায়গা ও কারো ব্যক্তিগত সম্পদ দখল করার চেষ্টা করে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশে জাতিগত কোনো বিভেদ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি।
রোববার (২২ মার্চ) নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের রজত জয়ন্তী (২৫ বছর) উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিনের পচনশীল রাজনীতি কাঠামো, দূষিত রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে হবে। এলাকার অসঙ্গতি গুলো তুলে ধরুন। আপনাদের তথ্যের ভিত্তিতেই প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ব্যবস্থা নিতে পারবেন। সাংবাদিকরা খবরের ভেতরের খবর বের করে আনেন। তাহলেই প্রতিষ্ঠিত হবে সাংবাদিকরা সমাজের দর্পণ এবং ঢাল।
কলমাকান্দা এবং দুর্গাপুর বালু মহালের বিষয়ে তিনি বলেন, অবৈজ্ঞানিক পন্থায় বালু উত্তোলন করে মুষ্টিময় কিছু মানুষের পকেট ভারি করার সহজ পন্থা বন্ধ রাখতে চান। যত্রতত্র বালু উত্তোলনের ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ভবন ধসের মতো ব্যাপক হানাহানির ঝুঁকি রয়েছে। নদী ও আকৃতির সম্পদের ভারসাম্য বজায় রেখে বিজ্ঞানভিত্তিক ও বৈধ ব্যবস্থানায় বালু উত্তোলন করা হবে। যা একই সাথে পরিবেশ রক্ষার করবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
স্থানীয় পর্যটনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, দুর্গাপুর সদর লেঙ্গুরা, খারনৈ, রংছাতি সহ পাঁচটি ইউনিটকে কেন্দ্র করে একটি ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এটি বাস্তবায়িত হলে স্থানীয় হাজারো মানুষের কর্মসংস্থান হবে। সারা দেশ থেকে আসা পর্যটকরা এ অঞ্চলের প্রাকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এর ফলে উন্নত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আনুষঙ্গিক নাগরিক সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।
প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈক নেতৃবৃন্দ।