ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বক্তব্যে দেখা দিয়েছে স্পষ্ট অসঙ্গতি। সম্ভাব্য আলোচনার বিষয়েও দুই পক্ষের অবস্থান এক নয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
তবে সোমবার ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে “গঠনমূলক” যোগাযোগের কারণে পাঁচ দিনের জন্য হামলা স্থগিত করা হয়েছে। এর বিপরীতে ইরানের পার্লামেন্ট স্পিকার আলোচনার কথা অস্বীকার করে বিষয়টিকে “ভুয়া” বলে দাবি করেন।
অন্যদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সংবাদমধ্যম সিবিএসকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র কিছু প্রস্তাব পাঠিয়েছে, যা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। তবে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।
সিবিএসের মতে, এসব উদ্যোগ সম্ভাব্য আলোচনার প্রস্তুতির অংশ হতে পারে। যদিও বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।
এদিকে হোয়াইট হাউসও সতর্ক অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো বৈঠক বা সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন ধারণা করা ঠিক হবে না।
এমএ//