আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নিরাপত্তা সংকট, আইসিই এজেন্ট মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বড় বড় বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট মোতায়েন করা হয়েছে। বেতন না পাওয়ায় কর্মবিরতিতে যাওয়া নিরাপত্তাকর্মীদের ঘাটতি সামাল দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)-এর অনেক কর্মী কয়েক সপ্তাহ ধরে বেতন না পাওয়ায় কাজে কর্মবিরতি পালন করছেন। ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

শুধু একদিনেই কয়েক হাজার টিএসএ কর্মী কাজে অনুপস্থিত ছিলেন, যার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেককে ফ্লাইট মিস এড়াতে নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে নিউইয়র্ক, আটলান্টা ও হিউস্টনসহ অন্তত ১৪টি বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েন করা হয়েছে। তারা মূলত ভিড় নিয়ন্ত্রণ ও সহায়ক কাজে যুক্ত থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে যাত্রী তল্লাশি বা সরাসরি নিরাপত্তা স্ক্রিনিংয়ে তারা অংশ নেবেন না। সংশ্লিষ্টরা বলছেন, এতে টিএসএ কর্মীরা মূল নিরাপত্তা কার্যক্রমে বেশি মনোযোগ দিতে পারবেন।

এদিকে, দীর্ঘ অপেক্ষা ও বিশৃঙ্খলায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। কিছু ক্ষেত্রে যাত্রীরা বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

এই পদক্ষেপের সমালোচনাও উঠেছে। নাগরিক অধিকার সংগঠনগুলো বলছে, আইসিই এজেন্টদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় হয়রানির আশঙ্কা তৈরি হতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #আইসিই