বিভিন্ন জটিলতা ও অনিশ্চয়তার পর আবারও কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার শাখা ছাড়া অন্যান্য আউটলেট পুনরায় চালু করে ঈদ-পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা বন্ধ হয়ে যাওয়ায় এবার ঈদ উৎসবের আয়োজন ১৫ দিন ধরে চলবে।
পোস্টে বলা হয়, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে অন্যান্য শাখাগুলো চালু রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি বিদেশ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অনলাইনে যুক্ত হয়ে ঈদ উপলক্ষে বিভিন্ন অফারের ঘোষণা দেবেন।
এর আগে নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন দেশ ছাড়ার ঘোষণা দেন। এক পোস্টে তিনি জানান, ব্যবসায়িক প্রতিবন্ধকতার কারণে আপাতত দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন।
জানা গেছে, কম দামে পাঞ্জাবি বিক্রিকে কেন্দ্র করে রাজধানীর মগবাজারে দোকানটি বন্ধ করে দেওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে ওই শাখা বন্ধ হয়ে যায়।
সব মিলিয়ে বিতর্কের পর নতুন করে কার্যক্রম শুরুর ঘোষণায় গ্রাহকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমএ//