আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে দিনটি এক অনন্য গৌরবের প্রতীক—পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে বাঙালি জাতি শুরু করে সশস্ত্র প্রতিরোধ। সেই প্রতিরোধ ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসংখ্য ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। জন্ম নেয় সার্বভৌম বাংলাদেশ, আর বিশ্বমানচিত্রে স্থান পায় লাল-সবুজের পতাকা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়। তিনি সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
দেশব্যাপী কর্মসূচি
দিবসটি উপলক্ষে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার এবং বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন।
রাজধানীসহ সারা দেশে আয়োজন করা হয়েছে কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিশেষ আয়োজন
বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ বিভিন্ন ঘাটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সিনেমা হলে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। জাদুঘরগুলোও উন্মুক্ত রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য।
দেশের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় ঐক্যের আহ্বান
মহান স্বাধীনতা দিবস শুধু অতীতের গৌরব স্মরণের দিন নয়, বরং ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকারের দিন। জাতির এই মহান অর্জনকে অর্থবহ করতে প্রয়োজন ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়া।
স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হোক আজকের দিনের অঙ্গীকার।
এসি//