মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে তারা জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন এবং সেখানে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
দীর্ঘ প্রায় দেড়যুগ পর স্বাধীনতা দিবসে আবারও ফিরেছে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে প্রদর্শন করা হচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।
কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন। ঘোড়ায় আরোহী প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এবারের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।
এবারের কুচকাওয়াজে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছে। আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। একইসঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত প্রদর্শনীও থাকবে।
সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি টানবে।
এসি//