জাতীয়

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করবার প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন ন্যূনতম ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। এছাড়া সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাক করবার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ তথ্য জানান বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, “এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য আমরা ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য আমরা ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল, একবারে যে নতুন ওয়ার্কার যারা আসবে, আমরা তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি করেছি। ’’

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজ মালিক পক্ষ, শ্রমিক পক্ষ—উভয়রেই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিক পক্ষ সাত কার্য দিবস সময় চেয়েছে। আমরা চার কার্য দিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।

তিনি বলেন,  শিগগিরই আমরা কিছু ফ্যাক্টরি ভিজিট করব, সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই সপ্তাহের মধ্যেই আমরা একাধিক প্রতিষ্ঠান ভিজিট করব। এ ছাড়া সোমবারের বৈঠকে সর্বসম্মতিক্রমে বোর্ডের নিরপেক্ষ সদস্য প্রয়োজনে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রস্তাবের বিষয়ে আরও আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএর সঙ্গে আলাপ করে এক বা একাধিক সদস্যকে এই কার্যক্রমে যুক্ত করতে পারবেন বলেও সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৬ নভেম্বর পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পোশাক শ্রমিক #বেতন