জাতীয়

স্বাধীনতা দিবসে গুগলের হোমপেজে উড়ছে বাংলাদেশের পতাকা

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশের লাল-সবুজের গৌরবময় ইতিহাসকে সম্মান জানিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ২৬ মার্চের প্রথম প্রহর থেকেই তাদের হোমপেজে স্থান পেয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ।

ডুডলটিতে নীল আকাশে সাদা মেঘের ভেলায় গর্বভরে উড়তে দেখা যায় বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা। গুগলের এই বিশেষ শিল্পকর্মে বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় চেতনাকে তুলে ধরা হয়েছে নান্দনিকভাবে।

ডুডলটির ওপর কারসর রাখলে বা ক্লিক করলে ভেসে ওঠে, বাংলাদেশ স্বাধীনতা দিবস ২০২৬ এবং এর নিচে লেখা থাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের বার্ষিক ডুডলে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হয়েছে।

গুগল বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দিবস, ঐতিহাসিক ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে নিয়মিত ডুডল প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

স্বাধীনতার ৫৬তম বছরে গুগলের এই বিশেষ ডুডল এবং রাষ্ট্রীয় আয়োজনে নতুন করে উদযাপিত হচ্ছে বাঙালির গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের ইতিহাস।

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডুডল #গুগল #স্বাধীনতা দিবস