পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সফরকালে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেটার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয় তুলে ধরতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে মেটার সরাসরি কার্যালয় থাকলে ব্যবহারকারীদের সেবা আরও কার্যকর হবে। একই সঙ্গে অভিযোগ ও বিভিন্ন জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জবাবদিহিও বাড়ানো সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, মেটা ছাড়াও অ্যাপল, এনভিডিয়া, গুগলসহ ১৫টির বেশি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে। এসব আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, স্টার্টআপ, ডিজিটাল অবকাঠামো এবং ‘বাংলা এআই’ চালুর মতো বিষয় গুরুত্ব পেয়েছে। এ ছাড়া বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয় ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আমরা আশা করি।
প্রত্যর্পণ চুক্তির ভিত্তিকে ফেরত আনা সম্ভব কিনা? এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।
আই/এ