বিএনপি

মেলানিয়া ট্রাম্পসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

বায়ান্ন প্রতিবেদন

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। সফরকালে তিনি মেলানিয়া ট্রাম্পসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের স্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও নেতাদের পত্নীরা অংশ নেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা চালানোর একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে সম্মেলনটি বিবেচিত হচ্ছে।

সম্মেলনে ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুল রহমান রুমন জানান, বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান মেলানিয়া ট্রাম্প। তার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পরে ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেলানিয়া ট্রাম্প। এ সময় শিশুদের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে তারা একমত হন। সম্মেলন আয়োজনের জন্য মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদও জানান তিনি। এছাড়া অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের স্ত্রীদের সঙ্গেও মতবিনিময় করেন ডা. জুবাইদা।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেও বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান। তিনি শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন, যা উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধিদের আগ্রহ কাড়ে। তারা এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে তিনি বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অন্যান্য দেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।

সম্মেলনের সমাপনী অধিবেশন, গ্রুপ ফটোসেশন ও সংবর্ধনায় অংশ নেন ডা. জুবাইদা রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এক প্রদর্শনীও পরিদর্শন করেন তিনি, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন ফার্স্ট লেডি #মেলানিয়া ট্রাম্প #ডা. জুবাইদা রহমান #তারেক রহমান