বিএনপি

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

বায়ান্ন প্রতিবেদন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি চূড়ান্ত ঘোষণা দেবেন। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন তিনি।

পোস্টে ইশরাক আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষকে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদের বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইশরাক।

তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, এবার একজন বিএনপি কর্মী হিসেবে আগের চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে মাদক নির্মূলে কাজ করবেন।

এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে বিভিন্ন জেলা সফরের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন। ফেসবুক পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে স্লোগান দেন ইশরাক।

এর আগে রোববার রাতে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।

এরই মধ্যে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়।

এর ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এর পরদিনই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানালেন ইশরাক হোসেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইশরাক হোসেন #প্রতিমন্ত্রী #পদত্যাগ