নেপালের শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নতুন সরকার। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ স্কুল ও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের অনুমোদিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেছেন।
এছাড়া শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে প্রাথমিক স্তরেও পরিবর্তন আনা হয়েছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রচলিত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে, যাতে পড়াশোনা আরও সহজ ও আনন্দমুখর হয়।
রোববার (২৯ মার্চ) নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, বালেন শাহর সরকার তার প্রথম মন্ত্রিসভা বৈঠকেই দেশটির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত।
প্রতিবেদনে বলা হয়, শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে এসব সংগঠনের অস্তিত্ব সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রকৃত দাবি তুলে ধরবে।
সরকারের আনুষ্ঠানিক দস্তাবেজে বলা হয়েছে, প্রশাসনকে অরাজনৈতিক করতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা নিষিদ্ধ এবং দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করা হচ্ছে।
শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে শিক্ষার্থীদের মূল্যায়নে বিকল্প পদ্ধতি চালু করা হবে, যেখানে তাদের মানসিক বিকাশ ও শেখার অগ্রগতি ভিন্নভাবে পর্যবেক্ষণ করা হবে।
অন্যদিকে, দীর্ঘদিনের সেশন জট কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ক্যালেন্ডার মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।
এসি//