জাতীয়

ঢাকাসহ ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলার দায়িত্বপ্রাপ্তরা। প্রজ্ঞাপন অনুযায়ী, তারা সবাই সংশ্লিষ্ট জেলার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এসব প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন এবং নির্ধারিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকায় ইয়াছিন ফেরদৌস মোরাদ, নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে একেএম মমিনুল হক, পাবনায় মোহাম্মদ জহুরুল ইসলাম, নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক ও বরগুনায় নজরুল ইসলাম মোল্লা দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া জামালপুরে সিরাজুল হক, গাজীপুরে ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহম্মেদ আলী, চাঁদপুরে একেএম সলিম উল্যা সেলিম এবং ফেনীতে এম এ খালেককে প্রশাসক করা হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দুই দফায় মোট ৫৬ জনকে এ দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, এর আগে দেশের ১১টি সিটি করপোরেশনেও একইভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জেলা পরিষদ #প্রশাসক নিয়োগ