পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামী মাসে ভারত ও সৌদি আরব থেকে তেল আসবে। এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আসার কথা রয়েছে। এ নিয়ে প্রতিনিয়ত জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যেখান থেকেই সুযোগ পাওয়া যাবে, সেখান থেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় দেশটির কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতির প্রয়োজন রয়েছে। এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ হচ্ছে, রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় কোনও সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা করবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ভারত বলেছে, নতুন করে বাংলাদেশের সরকারের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায়। তাঁরা বলেছে ভিসা স্বাভাবিক করবে। দু’দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণ সঙ্গে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসানীতি আগের জায়গায় ফিরে যাবে বলে ভারত জানিয়েছে।
আই/এ