আন্তর্জাতিক

অচেতন অবস্থায় আছেন মোজতবা খামেনি, যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অন্য কেউ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করে বড় ধরনের যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় নিহত হন দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে একই হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার ছেলে মোজতবা খামেনি, যিনি পরে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।

কিন্তু দায়িত্ব নেয়ার পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি তাকে। এরই মধ্যে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

ব্রিটিশ গণমাধ্যম টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন মোজতবা খামেনি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের কোম শহরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কূটনৈতিক একটি মেমোর বরাতে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী মোজতবা এখনও সংজ্ঞাহীন অবস্থায় আছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গুরুতর অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এতেই প্রথমবারের মতো তার অবস্থান প্রকাশ্যে এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

ওই নথিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ইরান সরকারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি অংশ নিতে পারছেন না।

ধারণা করা হচ্ছে, মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি এই কূটনৈতিক নথি উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে।

অন্যদিকে, ইরানকে কেন্দ্র করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত টানা ৩৯ দিনে গড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এ সময়ে ইরানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো সংঘাত বন্ধ হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

 

 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আয়াতুল্লাহ আলি খামেনি #মোজতবা খামেনি #ইসরাইল #যুক্তরাষ্ট্র #ইরান