অর্থনীতি

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বায়ান্ন প্রতিবেদন

বিশ্ববাজারে টানা কয়েক দিনের ধাক্কায় নেমে এলো স্বর্ণের দাম। প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মূল্যবান এই ধাতুটি। বিশেষজ্ঞদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হওয়ায় ডলার ও তেলের দাম বেড়েছে—যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে নেমে আসে। দিনের শুরুতেই ৭ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছে যায় এই দাম। অন্যদিকে, জুনে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪২ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শান্তি আলোচনা ভেঙে পড়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। এর ফলে ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে কিছুটা সরে আসছেন।

তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে। তেলের দাম ১০০ ডলারের উপরে উঠলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে পারে—এই প্রত্যাশাও স্বর্ণের দামে চাপ তৈরি করছে।

শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৪ দশমিক ২৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ০ দশমিক ৫ শতাংশ, দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলারে। তবে ব্যতিক্রম হিসেবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

এদিকে, দেশের বাজারে স্বর্ণের দাম উচ্চ অবস্থানেই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্ববাজার #স্বর্ণ #দাম