দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা। অল্প সময়ের ব্যবধানে দামের ওঠানামার ধারাবাহিকতায় এবার নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পরিবর্তন করা হয়েছিল, যেখানে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এসি//