সনদ অর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঠ পর্ব। অনেকেই এরই মধ্যে যুক্ত হয়েছেন কর্মজীবনে, কেউবা বেছে নিয়েছেন উচ্চশিক্ষার পথ। তবে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সমাবর্তনে অংশ নিয়ে নিজেদের অর্জন উদ্যাপনের সুযোগ হয়নি তাদের। প্রতিষ্ঠার ২০ বছরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছে মাত্র একবার। দীর্ঘ নয় বছর ধরে নতুন সমাবর্তনের অপেক্ষা করছেন প্রায় ১১ হাজারেরও বেশি গ্র্যাজুয়েটরা।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা থাকলেও অর্থসংকট ও জনবল ঘাটতি এখন বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ২০ বছরের পথচলায় এখন পর্যন্ত মাত্র একটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় সমাবর্তনের জন্য হাজারো শিক্ষার্থী অপেক্ষা করছেন। মূলত সমাবর্তন আয়োজন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এ জন্য অনেকের অংশগ্রহণ ও সমন্বয়ের প্রয়োজন হয়। বাস্তবতা হলো, বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষেত্রই এখনো পরিপূর্ণভাবে গড়ে তোলা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যেমন জনবলের ঘাটতি রয়েছে, তেমনি রয়েছে অর্থসংকট। তারপরও সমাবর্তন সাবেক শিক্ষার্থীদের আবেগের বিষয়। তারা বিশ্ববিদ্যালয়ে আসতে চান, নিজেদের বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে দেখতে চান। তাদের এই চাহিদা ও আকাঙ্ক্ষার সঙ্গে আমরাও একমত। সমাবর্তন আয়োজনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দ্বিতীয় সমাবর্তনটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ধীরে ধীরে সমাবর্তন খাতে অর্থ জমা করার চেষ্টা করছি। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে দ্রুতই দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা সম্ভব হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, সমাবর্তন আয়োজনের বিষয়ে প্রশাসনের প্রস্তুতি থাকলেও বাস্তব কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সমাবর্তন একজন শিক্ষার্থীর আবেগের জায়গা, বিষয়টি আমিও উপলব্ধি করি। তবে এ ধরনের বড় আয়োজন হঠাৎ করে করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আগাম পরিকল্পনা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাজেটসহ আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালে সমাবর্তনের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নির্বাচন ইস্যুতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ায় সেই আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদরা জানান, সমাবর্তন শুধু ডিগ্রি প্রদান বা আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক ধরে রাখারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। দীর্ঘদিন-এ আয়োজন না হওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা কমছে। পাশাপাশি একটি কার্যকর অ্যালামনাই গড়ে তোলার ক্ষেত্রেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।
প্রসঙ্গত, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তনের আয়োজন করা হয় ২০১৭ সালের ১৯ এপ্রিল। তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবর্তনে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত পাঁচটি ব্যাচের ১ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী সনদ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে ২৯ জন শিক্ষার্থীকে ৩২টি স্বর্ণপদক দেওয়া হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে একের পর এক নতুন ব্যাচ যুক্ত হলেও সমাবর্তনের দ্বিতীয় আয়োজন আর আলোর মুখ দেখেনি। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা শেষ করেছেন।
এমজে/এ