দেশজুড়ে

নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপ খনন কাজ শুরু হয়েছে। এ কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছেন, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ.কে.এম মিজানুর রহমান

রোববার (১৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বুধল এলাকায় ৩১ নম্বর কূপ খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত ২১০ দিনের মধ্যে কূপটির খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কূপটির গভীরতা হবে প্রায় ৫,৬০০ মিটার, যা দেশের অন্যতম গভীরতম কূপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ প্রকল্পের খনন ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৯৪ কোটি ২৫ লাখ টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এ সময় (বিজিএফসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামানিকও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক মি. লাইলিনজেন্টসহ বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #গ্যাস