জাতীয়

বাড়ানো হয়েছে বাসের ভাড়া

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার বাস এবং আন্তঃজেলার পরিবহনে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই হারে আন্তঃজেলার বাস ভাড়াও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, দূরপাল্লার রুটে ঢাকা-চট্টগ্রামসহ সব ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। আন্তঃজেলার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে।

মন্ত্রী আরও জানান, নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। পাশাপাশি জ্বালানি তেলের দাম কমলে ভবিষ্যতে বাসভাড়া পুনরায় সমন্বয় করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে সরকারের নির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪২ পয়সা।

এর আগে ২২ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর মন্ত্রী জানিয়েছিলেন, তখন পর্যন্ত ভাড়া নির্ধারণ হয়নি এবং পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় পরিবহন খাতের চাপ সামাল দিতে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন তারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা #চট্টগ্রাম #বাস ভাড়া