বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতে চলমান জ্বালানি সংকট নিয়ে আলোচনা করে সুপারিশ দেয়ার জন্য সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এই ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল বুধবার বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে। আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বে এই সমস্যার তার ছড়িয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধী দলকে অনুরোধ করবো তারও যদি পাঁচটি নাম দেয়, তাহলে এই ১০ জন সদস্য বসে আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসবে। যদি এর কোনো বাস্তবতা থাকে, তাহলে সরকার কার্যকর করার উদ্যোগ নেবে।’
বিএনপির পক্ষ থেকে কমিটিতে পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করেন তারেক রহমান। তাঁরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর–৪), মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ–২) ও মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর–৩)।
প্রধানমন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধ্যনবাদ, বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়ার জন্য। আশা করি সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। আমরা শিগগিরই পাঁচজনের নাম দেয়া হবে।’
আই/এ