বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নিয়েই কাজ করছে ভারত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হসপিটাল-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে চিকিৎসা পর্যটন সহজীকরণ এবং বাংলাদেশি রোগীদের ভারতে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ আরও সহজ হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করতে আগ্রহী ভারত। পাশাপাশি তিনি দুই দেশের বেসরকারি খাতকে মেডিকেল ট্যুরিজম আরও সংগঠিত ও সম্প্রসারিত করতে এগিয়ে আসার আহ্বান জানান।
চুক্তির আওতায় বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা সুবিধা, আবাসন এবং বিমান ভাড়ায় বিশেষ ছাড় পাবেন বলে আয়োজকরা জানান।
ভার্মা আরও বলেন, এই উদ্যোগ শুধু বাণিজ্যিক নয়, বরং এটি জনগণকেন্দ্রিক সহযোগিতার একটি অংশ।
ভারতের চিকিৎসা দক্ষতা বিশ্বব্যাপী স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বকে আরও বিস্তৃত করবে।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দেন। তিনি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
সূত্রগুলো আরও জানায়, অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা পুনরায় সহজলভ্য করার উদ্যোগ নেয়া হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয়, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এসি//