প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চায়। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি- ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করবো। যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করবো।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি মা-বোনদের শিক্ষিত করার জন্য, মা-বোনেরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন সেজন্য তিনি মেট্রিক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলন। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন।
তিনি বলেন, বাংলাদেশে বহু তরুণ- ছেলে হোক মেয়ে হোক, বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু কর্মসংস্থানের সুযোগ নেই। ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কল-কারখানা আগামী কয়েক মাসের মধ্যে চালু করা হবে।
তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। বেশ কয়েকটি দেশের সাথে কথা হয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুত সেই দেশগুলোতে মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে।
আই/এ