পটুয়াখালীর বিভিন্ন এলাকায় বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গেল দুই দিনে জেলার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক গরু-মহিষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে জেলার পৃথক স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিন (২৮) নিহত হন।
দুপুর ২টার দিকে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগম (৫৫) বজ্রাঘাতে মারা যান। একই সময়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার (৫৫) নিহত হন।
এছাড়া সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে মারা যান সৌরভ মজুমদার (২২)।
স্থানীয়রা জানান, গেল দুই দিনে কলাপাড়া, রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৫০টি গরু-মহিষ বজ্রপাতে মারা গেছে।
প্রশাসন ও স্থানীয়দের মতে, বৃষ্টি ও বজ্রপাত চলাকালে অসচেতনভাবে খোলা স্থানে অবস্থান করায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে।
এমএ//