আকাশে মেঘের ঘনঘটা, সঙ্গে দমকা হাওয়া আর বজ্রবৃষ্টির আশঙ্কা। দিনের প্রথম ভাগেই দেশের পাঁচ অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৫টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে দুপুরের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে নদীপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা জরুরি। সম্ভাব্য ঝড়ো হাওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
তাই দিনের প্রথম ভাগে সংশ্লিষ্ট অঞ্চলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে।
এসি//