আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সৌদি আরব থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯৪ ডলার ৯৪ সেন্টে দাঁড়ায়।

এর আগে মঙ্গলবারের লেনদেন শেষে ব্রেন্ট তেলের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে নেমেছিল। বিপরীতে, ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ১৪ সেন্টে দাঁড়ায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে ব্যবসায়ীরা বাজারে লেনদেন করছেন।

এদিকে বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনায় সীমিত পরিসরে অগ্নিকাণ্ড ঘটে। হামলাটির জন্য হুথিদের দায়ী করেছে সৌদি কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে সংঘাত আরও তীব্র হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে বিপরীত চিত্র দেখা যেতে পারে রাশিয়ার ডিজেল সরবরাহ বাড়লে। দেশটি থেকে জ্বালানি সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে সরবরাহের চাপ কিছুটা কমতে পারে। ফলে তেলের দামের গতিপথ নির্ধারণে মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি রাশিয়ার জ্বালানি রপ্তানির পরিবর্তনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের সম্ভাব্য পরিবর্তনকে কেন্দ্র করে আন্তর্জাতিক তেলবাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সরবরাহ ও চাহিদার গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে আগামী দিনে অপরিশোধিত তেলের দামের ওঠানামা।

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #জ্বালানি তেল #বিশ্ববাজার