বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা ছড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি। একের পর এক বাণিজ্য অংশীদারের পণ্যে শুল্ক আরোপের পর এবার দেশগুলোর শিল্প খাতে সরকারি ভর্তুকি ও সহায়তাকে লক্ষ্যবস্তু করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, এসব সহায়তার কারণে বিশ্ববাজারে মার্কিন কোম্পানিগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি বড় অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি চলছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাসের তদন্ত শেষে নতুন শুল্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তদন্তের ফল প্রকাশ করতে পারেন। অন্যদিকে, ব্লুমবার্গ জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
৩০১ ধারায় তদন্ত, আসতে পারে উচ্চ শুল্ক
১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশের শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। এই আইনে কোনো দেশের অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে সেই দেশের পণ্যে শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতে, সরকারি ভর্তুকি ও সহায়তার ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে শিল্প উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা তৈরি হয়েছে। এতে দেশগুলোর কোম্পানিগুলো কম দামে পণ্য রপ্তানি করে বিশ্ববাজারে সরবরাহ বাড়াচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কিন উৎপাদকরা।
তদন্তের ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে। দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই এর আওতায় আসার আশঙ্কা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য নতুন শুল্কের বাইরে থাকতে পারে। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এসব পণ্যে আগে থেকেই পৃথক আইনে শুল্ক আরোপ করা হয়েছে।
নতুন শুল্কের হার এখনো নির্ধারণ করা হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে আরোপ করা শুল্কের কাছাকাছি পদক্ষেপ নেওয়া হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার শুল্ক বাতিল করার আগে ওই শুল্ক কার্যকর ছিল।
এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় বাধ্যতামূলক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষ করে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর। ওই তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ১২টি বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে চলমান তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির সব কটিই ওই তালিকায় ছিল। ফলে জুলাইয়ে প্রস্তাবিত শুল্কের সঙ্গে নতুন শুল্কও যুক্ত হতে পারে।
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অনিশ্চয়তা
নতুন শুল্কের উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো, যখন একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির কাঠামো চূড়ান্ত হয়েছিল। তবে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় আগে আরোপ করা শুল্ক মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর চুক্তির বিষয়টি আবার আলোচনায় ফিরে আসে।
প্রস্তাবিত চুক্তির মাধ্যমে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা পাওয়ার চেষ্টা করছে ভারত।
এ অবস্থায় ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের উদ্যোগ দুই দেশের বাণিজ্য আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য সম্পর্কেও নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এসি//