ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র্যাব। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (০২ মে) দুপুরে র্যাব-৬ এ অভিযান চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যশোর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের সিটের নিচে পড়ে থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম।
র্যাব জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এমএ//