কুষ্টিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ীকে থানায় এসে ছাড়িয়ে নেয়ার সিপারিশ করায় জামায়াত-বিএনপির ৫ নেতাকে পুলিশ আটক করে। পরে মুচলেকা দেয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়।
রোববার (১০ মে) কুষ্টিয়ার মিরপুর থানা থেকে ছাড়া পান তারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে আমলা ক্যাম্পের ইনচার্জ রাকিবুল ইসলাম নওদা আজমপুর গ্রাম থেকে রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ৮টি ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে থানায় আনে।
ওই ব্যক্তির বিরুদ্ধে মামলার পরে স্থানীয় নওদা আজমপুর গ্রামের বিএনপি সমর্থিত মেম্বার এনামুল হক (৪৫) এবং তার সঙ্গে জামায়াতের চার নেতা সুজন আলী (৩৩),আলাউদ্দিন (৪৩),শফিকুল ইসলাম (২৫) এবং সাইদুল ইসলাম (৩৯) থানায় এসে এই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন । মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া যাবে না বলার পরও তারা অনুরোধ করতে থাকেন। একপর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের হেফাজত নেন ওসি।
ওসি শহিদুল ইসলাম বলেন,আজ সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের সতর্ক করে করে মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে মাদকের জন্য আর কোনোদিন তদবির করবেন না শর্তে ছেড়ে দেওয়া হয়। এই মাদকবিরোধী অভিযান মিরপুরে অব্যাহত থাকবে।
আই/এ