আন্তর্জাতিক

গোপনে আমিরাত সফরের দাবি নেতানিয়াহুর, সরাসরি নাকচ আবুধাবির

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে গোপন সফরের দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরকালে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করেন তিনি।

বুধবার (১৩ মে) নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে “ঐতিহাসিক অগ্রগতি” হয়েছে।

তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতি দেয়ার কিছু সময়ের মধ্যেই এ দাবি প্রত্যাখ্যান করে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু কিংবা কোনো ইসরাইলি সামরিক প্রতিনিধিদলের গোপন সফরের খবরের কোনো ভিত্তি নেই।

আমিরাত আরও জানায়, ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা আব্রাহাম চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে। এ সম্পর্ক কোনো গোপন সমঝোতা বা অনানুষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভরশীল নয় বলেও উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর ইসরাইল ও আমিরাতের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হয়েছে।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, সম্ভাব্য ইরানি হামলা মোকাবিলায় ইসরাইল তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা সদস্য আমিরাতে মোতায়েন করেছে।

এদিকে আব্বাস আরাঘচি বলেছেন, নেতানিয়াহু যে তথ্য প্রকাশ করেছেন, তা ইরানের নিরাপত্তা সংস্থাগুলো আগেই দেশটির নেতৃত্বকে জানিয়েছিল।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলের সঙ্গে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

জানা গেছে, কথিত বৈঠকটি ওমান সীমান্তবর্তী আল-আইন শহরে কয়েক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়েছিল বলে দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি আবুধাবি।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। ওই চুক্তির আওতায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যেও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এখনো কাটেনি। প্রণালিতে চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতাও অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #আরব আমিরাত