দেশে হামের সংক্রমণ রোধ এবং আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ নির্দেশনাবলি জারি করা হয়।
এতে বলা হয়, সব সরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিনের ব্যবস্থা করতে হবে।
কোনো হাসপাতালই এই ধরনের রোগীকে ফিরিয়ে দিতে পারবে না, হাসপাতালে আসা মাত্রই রোগীকে দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি, নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেল—দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগীদের পরিদর্শনে (রাউন্ড) যেতে হবে।
অন্যদিকে, আইসোলেশন ওয়ার্ডে সংক্রমণ ছড়ানো রোধে কড়াকড়ি আরোপ করে জানানো হয়েছে যে, হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক রোগীর সাথে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে বা প্রবেশ করতে পারবেন।
আই/এ