রাজধানীর পল্লবীতে আট বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে জরুরি ভিত্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে আইনমন্ত্রী নিজেই গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। ঘটনার দিনই পুলিশ ঘাতক সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করে। মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ওই দিন সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে অজ্ঞাতনামা অন্য আসামি এখনো পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করেছে পুলিশ।
এসি//