নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রামটিতে কোনো হিন্দু বসতি নেই। পুরোনো ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর ছড়ানো হচ্ছে। তবে এসব অভিযোগের কোনো সত্যতা নেই। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। এমনকি কোনো হিন্দু পরিবার কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেনি।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, আগে ধারণ করা ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে বেন্দারচরে সংঘটিত মূল ঘটনার বিবরণ দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলা বাজারে বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪০) নিহত হন।
এ ঘটনায় অভিযান চালিয়ে বেন্দারচর গ্রামের দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহতদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও অন্যরা বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসি//