রাজধানী

নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা

ভাড়া নিয়ে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার এবং হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের দশটি বাস আটক করেছে কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় , গতকাল (২০ নভেম্বর) ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাল্গুনীর সঙ্গে এক বাসের হেলপারের কথা-কাটাকাটি হয়। ওই শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে হেলপার বলেন, ‘এখন আপনি বাস থেকে নেমে যান।’ এক পর্যায়ে ‘তুই নামবি, তোর বাপ নামবে’ বলেও হুমকিসূচক মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আলিফা রামী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হাফ ভাড়া দিয়ে আসছেন। নীলাচল পরিবহনের বাসেও আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু আইডি কার্ড দেখানোর পরও এক নারী শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ ও অভিযুক্ত হেলপারের ছবি তাদের কাছে রয়েছে। তবে এখন পর্যন্ত তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমাদের দাবি, বাস মালিক কর্তৃপক্ষ লিখিতভাবে নিশ্চয়তা দেবে যে ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে এর দায়ভার তারা নেবে। পাশাপাশি বাসের চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু নীলাচল নয়, ভিআইপি, মৌমিতাসহ সব পরিবহন কর্তৃপক্ষের কাছেও আমাদের একই দাবি’।

শিক্ষার্থীরা বলেন,  এ ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপাররা তাদের পাশে রয়েছেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে বাস মালিকদের কাছে শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন।

ওসি জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে জেনেছি। বিষয়টি শুনতে এবং পরিস্থিতি দেখতে আমি ঘটনাস্থলে যাচ্ছি। শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নীলাচল #ইডেন কলেজ