আবহাওয়া

যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

ছবি: সংগৃহীত ফাইল ছবি

দেশজুড়ে কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে শুক্রবার (২২ মে) থেকে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে ঈদুল আজহার দিনের আবহাওয়া কেমন থাকবে—তা নিয়ে বাড়ছে মানুষের আগ্রহ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশজুড়ে স্বস্তিদায়ক বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। বরং বেশ কয়েকটি এলাকায় ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের প্রভাব অব্যাহত থাকতে পারে। বর্তমানে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহও থাকতে পারে। ফলে ঈদের জামাত, কোরবানি ও বাইরে যাতায়াতের সময় গরমের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে দেশের সব এলাকায় একই আবহাওয়া নাও থাকতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ঈদের দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চল ও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকতে পারে।

 

পিডি/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বৃষ্টি #আবহাওয়া #আবহাওয়া অধিদপ্তর #ঈদুল আজহা