ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কথোপকথনের একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন দলটির নেতারা।
এমএ//