রাজনীতি

৫ দাবিতে এনসিপির ৩৯ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

পাঁচ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এ কর্মসূচির সিদ্ধান্ত জানান।   

তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এই পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কীসের ভিত্তিতে হবে তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যে কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ঐক্যের প্রয়োজন অনুভব করি।

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, গোপালগঞ্জে আপনারা দেখেছেন থানায় হামলা করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মহড়া দিচ্ছে, মানুষের ওপর হামলা করছে।

তিনি বলেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস করেছে আওয়ামী লীগ।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #বিক্ষোভ মিছিল