দেশজুড়ে

ড. ইউনূসের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন ও পেট্রোলবোমা হামলার ঘটনায় মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নাম পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, বাড়িটির আশপাশে নিয়মিত টহল দেওয়া হতো। ভবনের নিচতলায় তিনজন পুলিশ সদস্য স্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ডিউটিরত থাকা অবস্থায় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

পাঁচলাইশের এই বাড়িতেই অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে। তবে তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ড. মুহাম্মদ ইউনূস #সাবেক প্রধান উপদেষ্টা