রাজশাহীতে গভীর রাতে একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন, রেললাইনে আগুন জ্বালিয়ে লাল নিশান টানানো এবং নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া ট্রাক টার্মিনালের বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি নন-এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তাপে পাশে থাকা আরেকটি এসি বাসের জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়।
দায়িত্বরত নৈশপ্রহরী ও স্থানীয়রা জানান, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, রাত সাড়ে ১১টার দিকে জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী গ্রামের কাছে রেললাইনের ওপর পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হয়। একই সঙ্গে সেখানে লাল নিশান টানিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী সিরাজগঞ্জ মেইল ট্রেনটি আটকা পড়ে।
পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে লাল নিশান সরিয়ে দেন। প্রায় ৩০ মিনিট আটকে থাকার পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।
পুলিশ জানায়, এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশের পক্ষ থেকে এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করা হয়েছে।
এছাড়া গভীর রাতে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে, জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমজে/এ