জাতীয়

পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সেতুর দুই প্রান্ত দিয়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিত পারাপার হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৬ হাজার ৫৫টি যানবাহন পারাপার হয়েছে।

এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এর মধ্যে জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী ২ হাজার ৪০০টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৩১ লাখ ৪ হাজার ৪৫০ টাকা।

এদিকে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে তারা সতর্ক পাহারা দিচ্ছেন।

সাঈদ আহমেদ আসলাম বাসসকে বলেন, লকডাউন কর্মসূচির নামে যাতে কেউ নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বাসসকে বলেন, সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায় স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বাসসকে বলেন, লকডাউন কর্মসূচির কোনো প্রভাব সেতুতে পড়েনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

সূত্র: বাসস

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পদ্মা সেতু #আওয়ামী লীগ #কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ #রাজধানী