মানবতাবিরোধী অপরাধ এবং দুর্নীতির একাধিক মামলায় কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় ভবনটির জানালার কাচ ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় তহুরা মঞ্জিলে আগুন দেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. রবিউল আল আমিন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০-৫০ জন যুবক ভবনের জানালার গ্লাস সম্পূর্ণ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক। ২০২৪ সালের ৫ অগাস্টের পর তাকে গ্রেপ্তার করা হয়।
আগুন দেওয়া বাসভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে ওই ভবনে থাকেন না বিপ্লব।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
এমজে/এ