দেশজুড়ে edit this post

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

বায়ান্ন প্রতিবেদন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। যাত্রীবেশে বাসে উঠে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে বাসটি দাঁড় করানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। তবে চালক, সহকারী ও যাত্রীদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই বাস থেকে নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি। সবাই নিরাপদে বাস থেকে নেমে যেতে পেরেছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ #কাঁচপুর ব্রিজ #দুর্বৃত্ত #আগুন